মোঃ ওসমান গনি বাবু
পাটগ্রাম প্রতিনিধি_
পাটগ্রাম, ২০ মে — লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে ‘স্মৃতি ৩৩৫৫’ জাতের অনিবন্ধিত ভুট্টা বীজ বপন করে ক্ষতির মুখে পড়েছেন একাধিক কৃষক। নিম্নমানের বীজ সরবরাহ ও প্রতারণার অভিযোগে কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
জোংড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার কৃষক মজিদুল ইসলাম, শাহিনুর ইসলাম, দেলোয়ার হোসেন ও রশিদুল ইসলামসহ কয়েকজন জানান, স্থানীয় বাজারের ব্যবসায়ী রওশন আলী ও কোম্পানির প্রতিনিধিদের আয়োজিত সমাবেশে তারা ‘স্মৃতি ৩৩৫৫’ বীজ কিনতে উদ্বুদ্ধ হন।
ভুক্তভোগী মজিদুল ইসলাম বলেন, “তারা গ্যারান্টি দিয়ে বলেছিল একরপ্রতি ১৬০-১৮০ মণ ফলন হবে। কিন্তু এখন অবস্থা দেখে ৮-১০ মণ হবে কি না সন্দেহ। মোচা একেবারে ছোট।”
কৃষক শাহিনুর ইসলাম বলেন, “পাশের জমির ভুট্টার সঙ্গে মিলিয়ে দেখেন, আমাদের জমির মোচা অর্ধেকও হয়নি। এগুলো নিবন্ধিত বীজ বলেছিল, এখন জানলাম মিথ্যা। আমরা ক্ষতিপূরণ ও বিচার চাই।”
অভিযুক্ত রওশন আলী বলেন, “আমিও কোম্পানির কথায় বিশ্বাস করে কৃষকদের আশ্বাস দিয়েছিলাম। কৃষকরা সমস্যায় পড়ায় বিষয়টি কোম্পানিকে জানিয়েছি। তারা আসার কথা বলেছে।”
‘স্মৃতি ৩৩৫৫’ বীজের প্রতিনিধি আতাউর বলেন, “অন্য এলাকায় আমাদের বীজে এমন সমস্যা হয়নি। ব্যবসার জন্য সব কোম্পানিই ১৬০-১৮০ মণ ফলনের কথা বলে। বীজ নিবন্ধিত আছে।”
তবে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, “জেলা বীজ প্রত্যয়ন অফিস থেকে জেনেছি ‘স্মৃতি ৩৩৫৫’ নিবন্ধিত বীজ নয়। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে কৃষি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”


