মোহাম্মদ রেজাউল আজিম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা-র ১১নং পুকুরিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর “ঈদ উপহার” হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র, নিম্নআয়ের ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীনের নেতৃত্ব ও সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ভিজিএফ কার্ডধারীদের মাঝে সুশৃঙ্খল পরিবেশে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল করিম। তিনি চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই সহায়তা কর্মহীন ও অসচ্ছল মানুষের জন্য বড় ধরনের সহযোগিতা। ইউনিয়ন পরিষদ সবসময় সরকারের সহায়তা সঠিকভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে।
তিনি আরও জানান, কোনো ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় মহিলা সদস্য জাহানারা বেগমসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার ৭৭১ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে।
স্থানীয়দের মতে, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি ঈদকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে স্বস্তি এনে দেবে এবং তাদের ঈদের আনন্দ ভাগাভাগিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


