বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.ডি. খায়রুল ইসলাম খান জনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, হরিণটানা থানার প্রতিনিধি এসআই রাসেল, লবণচরা থানার প্রতিনিধি এসআই মিশন, বটিয়াঘাটা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নিরব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুদীপ্ত মল্লিক।
এছাড়া বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশন বটিয়াঘাটা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সরদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত ঠিকাদার, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক শেখ রাসেল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, দুর্গাপূজার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও স্পটে ৮ জন করে এবং সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পূজার শুরু দিন, অর্থাৎ ষষ্ঠী থেকেই সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
বক্তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


