HomeUncategorizedরংপুরে “অ্যাসেট-ইবিটি প্রকল্পের উদ্বোধনী আলোচনা সভা: দক্ষতা উন্নয়নে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের ওপর...

রংপুরে “অ্যাসেট-ইবিটি প্রকল্পের উদ্বোধনী আলোচনা সভা: দক্ষতা উন্নয়নে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর:
দক্ষ জনবল গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে রংপুরে “অ্যাসেট-ইবিটি (এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং) প্রকল্পের আওতায় ট্রেডভিত্তিক প্রশিক্ষণ ও কর্মসংস্থান শীর্ষক এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট এ কর্মসূচির বাস্তবায়ন করে গ্রাসরুট প্রফেশনাল ইনস্টিটিউট, রংপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান মির্জা নুরুল গণি শোভন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হাসান জুয়েল, সাবেক আহ্বায়ক রংপুর সদর উপজেলা যুবদল ও সহ-সাধারণ সম্পাদক রংপুর সদর উপজেলা বিএনপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গ্রাসরুট প্রফেশনাল ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ জহুরুল হক বুলবুল এবং প্রধান বক্তা ছিলেন ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চিফ কো-অর্ডিনেটর মোঃ মুরাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন গ্রাসরুট কো-অপারেশনের নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোসাদ্দেকুর রহমান, কো-অর্ডিনেটর, বিএনপি গ্রাসরুট নেটওয়ার্ক রংপুর সদর-৩ এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাসরুট প্রফেশনাল ইনস্টিটিউটের পরিচালক মোঃ আনন্দ পল্লব নাজেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে মোঃ নাসির উদ্দিন রাসেল বলেন, “অত্র এলাকার পিছিয়ে পড়া শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যাতে নিজ এলাকায় থেকেই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই সরকার এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
প্রধান আলোচক মোঃ জহুরুল হক বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কান্ডারী হুঁশিয়ার’ কবিতার অংশ আবৃত্তি করে তরুণদের সাহস ও নেতৃত্বের বার্তা তুলে ধরেন এবং উন্নয়নমুখী চিন্তাধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর হাসান জুয়েল বলেন, “দেশকে এগিয়ে নিতে দক্ষতা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যুব সমাজকে কাজে লাগাতে হলে তাদের হাতে দক্ষতা তুলে দিতে হবে।”
অনুষ্ঠানে ইলেকট্রিশিয়ান, টেইলারিং এবং ব্লক-বাটিকসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানকারী প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রায় ১২০ জনের অধিক প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফ হোসেন।
আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং গ্রাসরুট প্রফেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments