টেকনাফ প্রতিনিধি আবছার খাঁন জয়:::
কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে। এর ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিসিজি স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।
তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।
কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়। তারা এর আগেও একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এ চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক দুই চোরাচালানকারী এবং জব্দ করা স্বর্ণালংকারসহ অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


