মোঃ মহিবুল্লাহ্ ভূইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা বরুড়া উপজেলায় মাদকের ভয়াবহ আগ্রাসন রুখতে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত হয়েছে ব্যাপক মাদকবিরোধী র্যালী সমাবেশ।
মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এ কর্মসূচি থেকে। কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় জেলার কুমিল্লা সিটি কর্পোরেশনসহ জেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে আয়োজিত মাদকবিরোধী র্যালী ও সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে বরুড়া উপজেলার ৮ নং শাকপুর ইউনিয়নের শাকপুর পুরান বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে
ধরা হয়।
পরে শাকপুর পুরান বাজারে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহ পরিণতি, মাদক ব্যবসার সামাজিক ক্ষতি ও তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ও ধ্বংস করার পাশাপাশি একটি সমাজের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে বিপর্যস্ত করে তুলতে পারে। মাদকাসক্তির কারণে অপরাধপ্রবণতা, পারিবারিক অশান্তি, কিশোর-তরুণদের বিপথগামিতা এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। ফলে মাদকের বিরুদ্ধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না।
একই সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে জড়িতদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে এবং মাদক বিরোধী অভিযানে
জনগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিতরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা এবং বরুড়াকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


