মোকলেচুর রহমান,দাকোপ খুলনা প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে একটি বিশেষ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় দাকোপ উপজেলা পরিষদের হলরুম ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সমন্বয় সভায় জানানো হয়, চলতি বছর দাকোপ উপজেলার মোট ৮১টি স্থানে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হতে যাচ্ছে। উৎসবকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। একই সাথে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ পরিচালনা কমিটিগুলোকে সরকারি ও প্রশাসনিক নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং দাকোপ উপজেলার ৮১টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা আসন্ন এই প্রধান ধর্মীয় উৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রেখে সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।


