কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ মোঃ- শাহিন রেজা।
কুষ্টিয়ার দৌলতপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, কফ সিরাপ ও ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন ১৮টি মোটরসাইকেল আটক করা হয়।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার করা হয়।
থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং ৬ বোতল কফ সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫৪০ প্যাকেট ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে।
এদিকে অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ১৮টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়া ৭ জন পরোয়ানাভুক্ত আসামি ও ২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে অস্ত্রধারী বালু সন্ত্রাসী বাহিনীর সদস্য ও হত্যা মামলাসহ ৭টি মামলার আসামি মো. টুয়েল (৪২)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোনালদিয়াড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আলাই ফরাজী ওরফে আলাই মেম্বর।
পুলিশ আরও জানায়, অভিযানে ২টি ওয়ারেন্ট রিকল হওয়ায় খারিজ করা হয়েছে।
দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সব মিলিয়ে অভিযানে মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


