টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুর্শি তিয়া মাথা আইনুদ্দিন বাড়ি থেকে গাড়াখালি হাসান আলী মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিঃ মিঃ গোপালপুর টু ধনবাড়ীর সংযোগ সড়কে বড় বড় গর্ত তৈরি হওয়ায় কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বর্ষা এলেই পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। এক কিলোমিটার দীর্ঘ এ সড়কে হেঁটে চলাও যেন এক রকম দুঃসাহসের কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচল করা গর্ভবতী নারী, বৃদ্ধ, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ও ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গোপালপুর সংলগ্ন ৮-নং পাইস্কা ইউনিয়নের কুর্শি মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন কুর্শি নদীর পার তিয়া মাতা আইনুদ্দিন বাড়ি থেকে গাড়াখালী হাসান আলী মুন্সি বাড়ি পর্যন্ত
বিস্তৃত এই সড়ক প্রায় এক কিলোমিটার।
এই জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে দুইটি হাই স্কুল একটি মাদ্রাসা ও একটি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদে একমাত্র যাতায়াতের মাধ্যম। এই রাস্তা দিয়েই প্রতিদিন
অন্তত শতাধিক মানুষ নিয়মিত যাতায়াত করেন। তাদের মধ্যে রয়েছেন স্কুল-কলেজের এবং মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি এখন কার্যত অচল হয়ে পড়েছে।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ মামুন হোসেন আবির বলেন, এই সড়ক অনেক দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কোথাও খানাখন্দ, কোথাও কাদা পানি। এতে করে সড়কটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ করেনি।
এছাড়াও কুর্শি গ্রামের কৃষক সামাদ, মোঃআক্তার সহ অন্তত আরও ৫/৬ জন কৃষক জানান, ফসল বিক্রির জন্য গোপালপুর বাজার বা ধনবাড়ী বাজার অথবা আশপাশের হাটে যেতে হয়। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে সময়মতো পণ্য পৌঁছানো যায় না। ফলে বাজারে কম দামে বিক্রি করতে হয়। এর সঙ্গে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে, ফলে ক্ষতির মুখে পড়ছেন তারা। একই অভিযোগ শিক্ষার্থী টুম্পা রানী, মোঃ বাদশা। তাঁদের ভাষায়, ‘বৃষ্টি হলে হাঁটু পানি কিংবা কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। পাইস্কা ইউনিয়নের জনপ্রতিনিধি সাবেক মেম্বার মোঃ বাবলু এই রাস্তাটি সংস্কারের জোর দাবি জানান।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধনবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ মোকাদ্দেস আলী সাথে কথা হলে তিনি জানান, পাইস্কা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুর্শি তিয়া মাথা আইনুদ্দির বাড়ি থেকে গাড়াখালী হাসান আলী মুন্সির বাড়ি পর্যন্ত ১ কিঃমিঃ রাস্তার আগে টেন্ডার নাম্বার ফেলতে হবে তার পারে এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললেই সংস্কার কাজ শুরু করা হবে।


