মোঃওসমান গনি বাবু পাটগ্রাম প্রতিনিধি
পাটগ্রাম, ১৯ মে — টেকসই কৃষি উন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষক গ্রুপ গঠন কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার পাটগ্রাম পৌরসভা এলাকায় এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর ব্লক এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভাপতিত্ব করেন মোস্তফা হাসান ইমাম।
সভায় কৃষক গ্রুপ গঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। একইসঙ্গে গ্রুপ গঠন প্রক্রিয়া, সদস্য নির্বাচন পদ্ধতি ও গ্রুপভিত্তিক কার্যক্রম পরিচালনার কৌশল সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।
আলোচনায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, ফসলের বহুমুখীকরণ ও কৃষিপণ্যের বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো উঠে আসে।
বক্তারা বলেন, কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে কৃষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে। এতে আধুনিক প্রযুক্তি সহজে মাঠ পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে এবং কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, গ্রুপভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তারা নতুন প্রযুক্তি গ্রহণ, প্রশিক্ষণ ও সম্মিলিতভাবে কৃষি উৎপাদন ও বিপণনে এগিয়ে যেতে পারবেন।
সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


