আব্দুল্লাহ আল মামুন, যশোর
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।স্থানীয় মাহবুর রহমান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তিন শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। ইসিজি পরীক্ষায় তাদের শরীরে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, পুকুরটিতে সাধারণত মানুষের আনাগোনা কম। যারা গোসল করতে যান, তারা দ্রুত গোসল সেরে চলে আসেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


