HomeUncategorizedবাঁশখালীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রেষ্ঠ বিদ্যালয় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক...

বাঁশখালীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রেষ্ঠ বিদ্যালয় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মোহাম্মদ রেজাউল আজিম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিক্ষা অঙ্গনে গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ উপজেলা পর্যায়ে “শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়” হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের এ দ্বৈত অর্জনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষা, সামাজিক ও সচেতন মহলের পক্ষ থেকে বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত ও মানসম্মত পাঠদান, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জিত হয়েছে।
প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৫২ বছরের জটিলতা কাটিয়ে বিদ্যালয়ের ভূমি পুনরুদ্ধার এবং আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটির নতুন যাত্রা শুরু হয়। একইসঙ্গে যুগোপযোগী ডিজিটাল ক্লাসরুম স্থাপন, আকর্ষণীয় শিক্ষা উপকরণ ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর পাঠদানের ফলে শিক্ষার্থীদের পাঠগ্রহণ আরও সহজ ও আনন্দময় হয়েছে। বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য বিদ্যালয়ের অর্জনকে আরও সমৃদ্ধ করেছে।
এছাড়াও বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সহশিক্ষা কার্যক্রমেও বিদ্যালয়টি বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। কাব স্কাউটিং, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং প্রধান শিক্ষকের নিবিড় তদারকি ও দূরদর্শী নেতৃত্বে প্রতিটি কার্যক্রম শতভাগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, উপজেলার এই শীর্ষ অর্জন আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার আলো ছড়িয়ে ভবিষ্যতেও বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আরও বড় সাফল্য অর্জন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments