আব্দুল্লাহ আল মামুন, যশোর
যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি এলাকার যৌনপল্লীতে কল্পনা (৩০) নামের এক নারীকে একটি ঘরে আটকে রেখে টানা তিন দিন ধরে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতন সহ্য করতে না পেরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় পিংকি নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।শুক্রবার দুপুরে আহত অবস্থায় কল্পনাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন কল্পনা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর আগে ঝালাইপট্টির ঘরওয়ালী ছায়রা ও পিংকির সঙ্গে তাঁর বিরোধ হয়। সেই বিরোধের জের ধরে তাঁকে মারধর ও নির্যাতন করা হয়েছে।
কল্পনার অভিযোগ, শুক্রবারও তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে তিনি আর সহ্য করতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনার বিষয়ে যশোর সদর ফাঁড়ির ইনচার্জ আমানুল্লাহ আমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একজন নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, তিন দিন ধরে একটি ঘরে আটকে রেখে মারধরের অভিযোগ এবং শেষ পর্যন্ত ৯৯৯-এ ফোন করে এক নারীর উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


