দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ শাহীন রেজা
কুষ্টিয়ার দৌলতপুরে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে বিভিন্ন এলাকায় ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে স্থানীয়রা তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের একটি ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয়রা সাগর হোসেন (৩০) নামে ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে তার কোমর ও গলায় দড়ি বেঁধে বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং হাসপাতাল চত্বরে বেঁধে রাখা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন, তার পেছনে স্থানীয় কয়েকজন হাঁটছেন এবং আশেপাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায় অনেককে ছবি এবং ভিডিও ধারণ করতে দেখা যায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে


