HomeUncategorizedমাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি 

মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি 

ইসরাইল হাসান আপন

সটাফ রিপোর্টার

 

অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে মাগুরায় এক সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) থানায় দেওয়া সাধারণ ডায়রিতে সাংবাদিক শিমুল রানা উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় কর্মরত মো. রেজাউল ইসলাম পিৎজার সঙ্গে একটি অভিযোগের বিষয়ে মুঠোফোনে তথ্য জানতে যোগাযোগ করেন তিনি।

এ সময় রেজাউল ইসলাম তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন। একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়া এবং মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন সাংবাদিক শিমুল রানা। অভিযুক্ত রেজাউল ইসলাম মাগুরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

 

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া তাঁর পেশাগত দায়িত্বের অংশ। কিন্তু তথ্য জানতে গিয়ে এ ধরনের হুমকি ও অসৌজন্যমূলক আচরণের কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।

 

সাংবাদিক শিমুল রানা বলেন, “একটি অভিযোগের বিষয়ে তথ্য জানতে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তিনি অভিযোগের বিষয়ে কোনো তথ্য না দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি পা কেটে নেওয়া ও মামলা দেওয়ারও হুমকি দেন। এ ঘটনায় আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক শিমুল রানা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. রেজাউল ইসলাম পিৎজার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ ব্যাপারে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন, তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, পা কেটে নেওয়ার হুমকি ও মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম বলেন , এ বিষয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments