মোঃ হেলাল উদ্দীন
গলাচিপা উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং আভাস-আরএমএনসিএএইচ প্রকল্পের সার্বিক সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকে মা সমাবেশের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) চরখালী কমিউনিটি ক্লিনিকে আয়োজিত মা সমাবেশে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মো. মেজবাহ উদ্দিন।
সমাবেশে ডা. মো. মেজবাহ উদ্দিন মায়েদের উদ্দেশে বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস বয়সের পর মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুকে প্রয়োজনীয় বাড়তি খাবার দিতে হবে এবং দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধ চালিয়ে যেতে হবে।
তিনি মায়েদের বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব, শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক নিয়মে শিশুকে বুকের দুধ খাওয়ানোর বিষয়ে পরামর্শ দেন।
এ সময় আভাস-আরএমএনসিএএইচ প্রকল্পের পক্ষ থেকে বুকের দুধ খাওয়ানোর আগে মায়েদের সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক মায়ের হাতে একটি করে সাবান তুলে দেওয়া হয়।
মা সমাবেশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আভাস-আরএমএনসিএএইচ প্রকল্পের প্রতিনিধিসহ স্থানীয় মা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
‘মায়ের দুধ শিশুর প্রথম টিকা’—এই বার্তা ছড়িয়ে দিয়ে মায়েদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে শিশুর সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করাই ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য।


