মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় চোওরী গ্রামের প্রবীণ ব্যক্তি কারী মো. মোবারক হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বরুড়া বাজার জিরো পয়েন্ট এলাকায় চোওরী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দসহ চোওরী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, কারী মো. মোবারক হোসেন একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি ছিলেন। তার এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো গ্রামবাসী শোকাহত ও মর্মাহত। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, একজন প্রবীণ ব্যক্তির এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীগণ ও এলাকাবাসী।
স্মারকলিপিতে কারী মোবারক হোসেন হত্যাকাণ্ডের সুষ্ঠ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকালে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী গ্রামের কমিউনিটি ক্লিনিকের পেছনের একটি বাঁশঝাড় থেকে কারী মো. মোবারক হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বরুড়া বাজারে দর্জির কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচারের দাবিতে এলাকাবাসী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।


