মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় ভাংতি টাকা নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটি ও মারধরের অভিযোগের পর সোহেল মিয়া নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল- মিয়া বরুড়া উপজেলার বিল পুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝলম বাসস্ট্যান্ডের কেরানি মো. আবুল বাসারের দুই ছেলের সঙ্গে অটোচালক সোহেলের ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল বাসারের এক ছেলেকে থাপ্পড় মারেন বলে জানা গেছে। পরে বাসারের অপর ছেলে, (বলাকা বাসের স্টাফ হিসেবে কর্মরত) ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করার অভিযোগ ওঠেছে।
ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য বাজারে স্থানীয়ভাবে সালিশে বসা হয়। এ সময় সোহেল অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, সোহেল জন্মগতভাবে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
এদিকে সোহেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও তাঁর পক্ষের লোকজনের দাবি, তাকে মারধর করে হত্যা করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, সে স্ট্রোক করে মারা গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।
সোহেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।


