বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, বিজ্ঞাপন না দেওয়ার কারণে কারও বিরুদ্ধে রিউমার বা গুজব ছড়ানো সাংবাদিকতার মানদণ্ড হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডকে সাংবাদিকতার নীতিবিরোধী উল্লেখ করে তিনি বলেন, আজ থেকে দৈনিক সময়ের আলোর সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রত্যাহার করে নিয়েছেন। এ-সংক্রান্ত প্রয়োজনীয় সব ডকুমেন্টস তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, স্মার্ট গ্রুপের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগের প্রেক্ষিতে তিনি দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি পদ থেকে পদত্যাগ করেছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ কিংবা স্মার্ট গ্রুপের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


