Homeঅপরাধঅভিযানের গুজবে বন্ধ হয়ে গেল ওষুধের দোকান, বিপাকে রোগীরা

অভিযানের গুজবে বন্ধ হয়ে গেল ওষুধের দোকান, বিপাকে রোগীরা

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে হঠাৎ করে অধিকাংশ ফার্মেসি বন্ধ হয়ে যাওয়ায় ওষুধ কিনতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের আকস্মিক উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও আসছেন—এমন খবরে বাজারের একাধিক ওষুধের দোকান দ্রুত সাটার নামিয়ে ফেলে। মুহূর্তেই পুরো বাজারে বিরাজ করে এক ধরনের ‘ভৌতিক নীরবতা’। হঠাৎ এই পরিস্থিতিতে অনেকেই জরুরি ওষুধ না পেয়ে বিপদে পড়েন।

ভুক্তভোগী রাশেদুল ইসলাম বলেন, “আমার ছোট ভাইয়ের জ্বর অনেক বেড়ে যাওয়ায় ওষুধ আনতে এসেছিলাম, কিন্তু এসে দেখি সব দোকান বন্ধ। এক দোকানদারকে ফোন করলে বলেন, ইউএনও স্যার বাজারে—পরে আসতে বলেন। অথচ ওষুধ তো দেরি করার জিনিস না।”

দিনমজুর আমিরুল হোসেন জানান, “আমার স্ত্রী হার্টের রোগী। প্রতিদিন সময়মতো ওষুধ খেতে হয়। কিন্তু আজ ওষুধ কিনতে এসে দেখি একটাও দোকান খোলা নেই।”

স্থানীয় গৃহবধূ সালমা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি কেউ এলেই দোকান বন্ধ করে রাখে! আমরা সাধারণ মানুষ যাব কোথায়? কাছাকাছি হাসপাতালও তো নেই।”

একজন ফার্মেসি মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাজারের বেশ কয়েকজন ওষুধ বিক্রেতার যথাযথ লাইসেন্স নেই। হঠাৎ অভিযান বা প্রশাসনের উপস্থিতির খবরে সবাই ভয় পেয়ে যায়। তিনি বলেন, “অনেক বৈধ ব্যবসায়ীরাও আতঙ্কে পড়ে যান। আমাদের উচিত নিয়ম মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা।”

ইউএনও’র বক্তব্য: কোনো অভিযান হয়নি
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “আমরা সেদিন একটি অসহায় পরিবারকে হুইলচেয়ার দিতে গিয়েছিলাম। বাজারে কোনো অভিযান পরিচালিত হয়নি। আমি নিজেই অবাক হয়েছি যে, বাজারে ঢোকার আগেই দোকানগুলো বন্ধ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “যারা নিয়ম মেনে ব্যবসা করেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তবে যারা অকারণে দোকান বন্ধ করে জনদুর্ভোগের কারণ হয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

জনগণের দাবি: জরুরি সেবার দোকান যেন বন্ধ না হয়
স্থানীয়রা বলছেন, ওষুধের মতো জরুরি সেবার দোকান যেন গুজব বা অকারণে বন্ধ না হয়, সেজন্য প্রশাসনের নিয়মিত মনিটরিং ও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments