Homeঅপরাধযশোরে এবার প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

যশোরে এবার প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

এস এম মামুন, যশোর
যশোরের মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে বরফকল মালিক হত্যা
যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক বরফকল মালিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত রানা প্রতাপ বৈরাগী পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজারে তার একটি বরফকলের ব্যবসা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে রানা প্রতাপ নিজ বরফকলে অবস্থান করছিলেন। আনুমানিক বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে বরফকল থেকে ডেকে পাশের কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি গলিতে নিয়ে যায়। সেখানে মাথা লক্ষ্য করে তাকে পরপর সাতটি গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা এগিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ঘটনার পর কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।
পুলিশ সূত্র বলছে, ঘটনাস্থলে লুটপাটের আলামত নেই। গুলির সংখ্যা এবং মাথা লক্ষ্য করে গুলি করার ধরন পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। রানা প্রতাপের সঙ্গে কারও দীর্ঘদিনের বিরোধ ছিল কি না, ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি কিংবা স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে কোনো সংঘাত ছিল কি না, সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments