আমিনুল হক বিরাশি
রাজধানীতে অবস্থিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এ “Role of Media on Psychological Trauma of Children” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় শিশুদের মানসিক বিকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং মনস্তাত্ত্বিক ট্রমা প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ ও অনুষদ) ড. মো: মারুফ নওয়াজ, পরিচালক (প্রশিক্ষণ ও প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী এবং উপ-প্রকল্প পরিচালক মো: ফাহিম সিদ্দিকী।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল-এর অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর যুগ্ম সচিব (পরিকল্পনা) মুহাম্মদ জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, মানসিক ট্রমা এমন একটি অবস্থা, যা ভয়াবহ, উদ্বেগজনক বা নেতিবাচক অভিজ্ঞতার ফলে মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। বর্তমানে শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের হার দ্রুত বাড়ছে। এর ইতিবাচক দিকের পাশাপাশি অনুপযুক্ত কনটেন্ট, সাইবার বুলিং, ভুয়া তথ্য ও অনলাইন সহিংসতার কারণে অনেক শিশু মানসিক চাপে পড়ছে এবং ট্রমার শিকার হচ্ছে।
তারা শিশুদের নিরাপদ মিডিয়া ব্যবহারে পরিবার, শিক্ষক ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি শিক্ষা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের দ্রুত বিকাশের এই সময়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন জরুরি। তিনি শিশুদের শিক্ষা, মানসিক সুস্থতা এবং নিরাপদ মিডিয়া ব্যবহারের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


