সাইফুল ইসলাম, মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় ভেজাল পণ্য বিক্রির অভিযোগে দুটি মুদি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১০/৮/২০২৬ সোমবার উপজেলার বিনোদপুর বাজার এলাকায় মাগুরা জেলা কার্যালয়ের তদারকি টিমের পরিচালিত বিশেষ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
ডিএনসিআরপি কার্যালয় সূত্রে জানা যায়, বাজার তদারকির অংশ হিসেবে বিনোদপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড এবং ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় দুই মুদি দোকান মালিককে জরিমানা করা হয়।
এদিকে, অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে ভোক্তা ঠকিয়ে ভেজাল পণ্য বিক্রি করে আসছিল। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা কমবে এবং সাধারণ ক্রেতারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন বলে মনে করছেন তারা।


