HomeUncategorizedডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির তাগিদ

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির তাগিদ

হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি –

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজন আগাম প্রস্তুতি ও জনসচেতনতা। আর সেই প্রস্তুতির সূচনা হতে হবে নিজ নিজ পরিবার থেকেই, এমন বার্তা নিয়ে নীলফামারীর ডিমলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগকালীন উদ্ধার ও মোকাবিলার কৌশল প্রদর্শন করেন। তাদের প্রদর্শনীতে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ আসনের জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. শাহানুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাধব চন্দ্র রায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুর মোহাম্মদ।

এ ছাড়া ডিমলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রতিটি পরিবারকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। বাড়িঘর নির্মাণে নিরাপত্তা নিশ্চিত করা, জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার প্রস্তুত রাখা এবং দুর্যোগের পূর্বাভাস পেলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার বিষয়ে তিনি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments