HomeUncategorizedকপ-৩১ সম্মেলনে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

কপ-৩১ সম্মেলনে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর:

এশিয়াজুড়ে তরুণদের নেতৃত্বাধীন সংগঠন ও জলবায়ু আন্দোলনের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ (এওয়াইসি)।

গত ১৩ নভেম্বর দুপুরে তুরস্কের আন্তালিয়ায় ‘ফ্রম মাউন্টেনস টু সি: ব্রিংগিং এশিয়া-প্যাসিফিক ইয়ুথ প্রায়োরিটিজ টু দ্য ইউএনএফসিসিসি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই নতুন আঞ্চলিক জোটের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মধ্য এশিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার তরুণ প্রতিনিধিরা অংশ নিয়ে আঞ্চলিক জলবায়ু অগ্রাধিকার তুলে ধরেন এবং বৈশ্বিক জলবায়ু নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।

উদ্যোক্তারা জানান, বাংলাদেশে অনুষ্ঠিত ‘রিজিওনাল কনফারেন্স অব ইয়ুথ (আরসিওওয়াই) এপ্যাক ২০২৬’-এর অর্জন ও অভিজ্ঞতার ভিত্তিতে এই কোয়ালিশন গড়ে তোলা হয়েছে। ২০২৬ সালে আয়োজক সংগঠন ‘সিক্ত বাংলাদেশ’-সহ এশিয়ার ১০টি দেশের মোট ১২টি যুব সংগঠনের সম্মিলিত উদ্যোগে এই জোট গঠিত হয়। জলবায়ু ন্যায়বিচার, আঞ্চলিক সংহতি, তরুণ নেতৃত্ব এবং সম্মিলিত জলবায়ু কার্যক্রম এগিয়ে নেওয়াই এর মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এশিয়ার বিভিন্ন দেশে তরুণরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে অভিযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিচ্ছিন্নভাবে কাজ করার কারণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থায়নের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এসব সীমাবদ্ধতা দূর করে তরুণদের উদ্যোগগুলোকে একটি স্থায়ী আঞ্চলিক প্ল্যাটফর্মে যুক্ত করতেই এওয়াইসি কাজ করবে।

জোটটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—এশিয়ার যুব সংগঠনগুলোর মধ্যে নেটওয়ার্ক তৈরি, ইউএনএফসিসিসি আলোচনা ও জাতীয় জলবায়ু প্রক্রিয়ায় তরুণদের দাবি তুলে ধরা, তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক, আইনি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ প্রচারণা ও আন্তদেশীয় প্রকল্পের সুযোগ তৈরি করা। এ ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি), ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র (সিডস), আদিবাসী জনগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বাধীন প্রান্তিক যুব সংগঠনগুলোর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সদস্যভিত্তিক এই কোয়ালিশন পরিচালনার জন্য একটি সচিবালয় এবং সাত থেকে নয়টি সদস্য সংগঠনের সমন্বয়ে একটি নির্বাচিত স্টিয়ারিং কমিটি থাকবে, যা পাঁচটি বিষয়ভিত্তিক ও উপ-আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপের কাজ সমন্বয় করবে। প্রতি বছর উন্মুক্ত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে। আরসিওওয়াই এপ্যাক-এর সহ-আয়োজক ও প্রতিষ্ঠাতা সদস্যদের আলোচনার মাধ্যমে ‘এওয়াইসি গভর্ন্যান্স চার্টার’-এ জোটের চূড়ান্ত পরিচালন কাঠামো নির্ধারণ করা হবে।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে কেবল আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রিক নয়, বরং বছরজুড়েই এশিয়ার তরুণদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সম্মিলিত জলবায়ু কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments