খুলনা প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক।
আহত যুবকের নাম মো. শরিফুল ইসলাম (২৫)। তার পিতা মৃত মো. কালাম। বাড়ি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া কালিখোলা হরিসভার পাশে।
স্থানীয়রা জানান, নভেম্বর মাসে প্রবাসী মো. রফিক চৌধুরীর নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন শরিফুল। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারে তার শরীর লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ বিষয়ে বিদ্যুৎ অফিসের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, অবৈধভাবে বাড়ি স্থাপনা করায় আমরা কোনো অনুমোদন দেই নাই।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজের সময় বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


