আবছার খাঁন জয় টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নাফ নদীতে এ অভিযান চালানো হয়।
বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করছে। এর ভিত্তিতে ১৯ আগস্ট রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেন। তবে বোটের লোকজন সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে প্রবেশ করে। পরে তারা বোটটি ফেলে পালিয়ে যায়।
কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি SVD Dragunov রাইফেল (ম্যাগাজিনসহ), একটি ৯ মিমি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং এমএ-১ রাইফেলের দুটি ম্যাগাজিন উদ্ধার করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।


