তারিখ: মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬।
মোঃ হেলাল উদ্দীন
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তাঁরা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক, বেসরকারি সংস্থা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “দুর্যোগ সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব নয়, তবে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণে কমিয়ে আনা সম্ভব। সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টায় আমরা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হব।”
তিনি দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদার করার পাশাপাশি উপকূলীয় মানুষের জানমাল সুরক্ষায় কার্যকর প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


