মুঞ্জুরুল হক সুজন, রাজশাহী
নাটোরের বড়াইগ্রামের পাঁচবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করা এবং বিদ্যালয়ে নির্বিঘ্নে যাতায়াতের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (১৯ জুলাই) সকালে বিদ্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠটি স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখল করে রেখেছেন। মাঠের অনেকাংশ জুড়ে কাপড় শুকানো, বালি ও গোবর স্তূপ করে রাখার মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে। এছাড়া সীমানা প্রাচীর ভেঙে মাঠ দখল করার ফলে বিদ্যালয় প্রাঙ্গণ তার স্বাভাবিক পরিবেশ হারিয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, বিদ্যালয়ের পাশেই একটি পুকুর রয়েছে। স্থানীয় কিছু বাসিন্দা অবৈধভাবে সেই পুকুরপাড়ে কাটাছাঁটি করায় পুকুরের মাটি সরে যাচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে বিদ্যালয় ভবন ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মাঠ দখলমুক্ত করা, সীমানা প্রাচীর সংস্কার এবং পুকুরপাড়ের অবৈধ মাটি উত্তোলন বন্ধ করে বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।


