প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৪ ডিসেম্বর ২০২৫ রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় সিজু নামীয় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে বাংলা ভিশন অনলাইন ও জনমত বিডি সহ কয়েকটি সংবাদ মাধ্যমে “শিবগঞ্জে জামায়াত-শিবিরের নির্মমতা” মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেটি আমাদের নজরে এসেছে । জামায়াত ও শিবিরকে জড়িয়ে আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । স্থানীয় সূত্রে জানা যায়, আহত সিজু একজন চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও ডাকাত । ইতিমধ্যেই তার অপকর্মে অতিষ্ঠ বেশ কিছু ব্যক্তি মানববন্ধন করে তা থেকে মুক্তি দাবী ও তার বিচার দাবী করেছে । এই অনাকাঙ্খিত ঘটনা তার ব্যক্তিগত অপকর্মেরই প্রতিফল কিনা তা খতিয়ে দেখা উচিত । তাছাড়া সংবাদে “চাঁদা না পেয়ে হামলা করা হয়েছে” এমন উদ্ভট কথাও লিখা হয়েছে যা সম্পূর্ণ হাস্যকর । কেননা জামায়াত-শিবিরের সাথে চাঁদাবাজির দূরতম কোন সম্পর্ক নেই সেটি দেশবাসী ভালোভাবেই জানে । বরং আহত সিজু নিজেই একজন চিহ্নিত চাঁদাবাজ যার স্বপক্ষে ভুক্তভোগীরা নিজেরা মানববন্ধনে বক্তব্য দিয়েছে । তারপরেও আইন নিজের হাতে তুলে নেয়া কখনোই সমীচীন নয়, অতএব উক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবী জানাচ্ছি । আমরা বলতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ উপজেলাবাসী জামায়াতে ইসলামীর পক্ষে যে জনমত গড়ে উঠেছে এতে ঈর্ষান্বিত হয়ে একটা মহল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে এটি তারই অংশ । আমরা সকল সংবাদমাধ্যম ও সাংবাদিকদের কোন তথ্যের সত্যতা যাচাই না করে এমন অসত্য সংবাদ প্রকাশ না করার এবং তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে আরো সচেতনতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি ।
মাওলানা মো: সাদিকুল ইসলাম
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ
মো: বাবুল ইসলাম
সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা শাখা, চাঁপাইনবাবগঞ্জ


