আনোয়ারুল হক, স্টাফ রিপোর্টার, রংপুর:
বাংলাদেশ প্রকাশনী আয়োজিত ‘লেখক সম্মেলন অনুষ্ঠান ২০২৬’-এ কবি ও সাহিত্যিক হিসেবে সম্মাননা পেয়েছেন জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন-এর রংপুর বিভাগীয় ব্যুরোচীফ মো. রউফুল আলম। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ আ. কা. মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে দিনব্যাপী এ সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন ও প্রবীণ কবি, লেখক, সাহিত্যিক এবং প্রকাশনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। সম্মাননা গ্রহণকালে নিজের বক্তব্যে মো. রউফুল আলম দেশের আট বিভাগের লেখকদের এক মঞ্চে মিলিত করার আয়োজনের জন্য বাংলাদেশ প্রকাশনী কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু সম্মাননা নয়; বরং তাঁর লেখার মাধ্যমে মানুষের চিন্তা, বিবেক ও সমাজকে কিছুটা হলেও আলোকিত করতে পারা।”
লেখালেখিকে জীবনের গভীর অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “সাহিত্য হবে সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এবং মানবতার কল্যাণে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে দেশের আট বিভাগের লেখকদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও সাহিত্যিক বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা।”
মো. রউফুল আলমকে কবি ও সাহিত্যিক হিসেবে সম্মাননা প্রদান করায় বাংলাদেশ প্রকাশনী কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট মহল ও শুভানুধ্যায়ীরা। পরিশেষে তিনি সাহিত্য ও সত্য-সুন্দরের পক্ষে লেখকের কলম অবিরাম চলার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশ প্রকাশনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


