Homeঅভিযোগ৯টায় অফিস, ১০টা ৪০ মিনিটে কর্মকর্তা—বাঁশখালীতে সরকারি দপ্তরে অনিয়মের অভিযোগ

৯টায় অফিস, ১০টা ৪০ মিনিটে কর্মকর্তা—বাঁশখালীতে সরকারি দপ্তরে অনিয়মের অভিযোগ

রেজাউল আজিম, বাঁশখালী প্রতিনিধি:

সরকারি অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা। অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাঁশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকসহ পুরো অফিস ছিল তালাবদ্ধ ও জনশূন্য। অফিস শুরুর প্রায় ৪৬ মিনিট পর সকাল ৯টা ৪৬ মিনিটে প্রথম কর্মচারী হিসেবে কার্যালয়ে প্রবেশ করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তানভীরুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার পরও কার্যালয়ের প্রধান ফটক বন্ধ। ভেতরের অফিস কক্ষগুলোও ছিল তালাবদ্ধ। নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয়ে পাওয়া যায়নি। ফলে সরকারি সেবা নিতে আসা মানুষের জন্যও অফিস খোলার কোনো ব্যবস্থা দেখা যায়নি।

সকাল ৯টা ৪৬ মিনিটে প্রথম কার্যালয়ে আসেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তানভীরুল ইসলাম। এ সময় নির্ধারিত সময়ের প্রায় ৪৬ মিনিট পর অফিসে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে সরাসরি ওয়াশরুমে প্রবেশ করেন।

প্রায় ১৯ মিনিট পর ওয়াশরুম থেকে বের হলে পুনরায় তার কাছে দেরিতে অফিসে আসার কারণ জানতে চাওয়া হয়। তখনও তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত অফিস কক্ষ ত্যাগ করে বাইরে চলে যান।

তানভীরুল ইসলামের দেরিতে অফিসে আসার কারণ জানতে কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

অন্যদিকে, উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার নিজে নির্ধারিত সময়ের পরে কার্যালয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি ‘সাইডে’ গিয়েছিলেন। এ কারণে কার্যালয়ে আসতে দেরি হয়েছে। তিনি জানান, সকাল ১০টা ৪০ মিনিটে তিনি অফিসে আসেন।

দেরিতে অফিসে আসা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে সঞ্জিত চন্দ্র সরকার বলেন, যারা দেরিতে আসছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি কর্মঘণ্টা শুরু হওয়ার পরও একটি সরকারি কার্যালয়ের প্রধান ফটকসহ পুরো অফিস দীর্ঘ সময় তালাবদ্ধ থাকা এবং নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত না থাকার ঘটনায় স্থানীয় সেবাপ্রার্থীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, সরকারি কর্মঘণ্টা যথাযথভাবে মেনে কার্যালয় পরিচালনা এবং নির্ধারিত সময়ে জনগণকে সেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে কর্মস্থলে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments