আবছার খাঁন জয় টেকনাফ উপজেলা প্রতিনিধি:::
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যের সঙ্গে জড়িতরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৩৫ মিনিটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে বস্তাটি পড়ে থাকতে দেখা যায়। পরে বস্তাটি তল্লাশি করে ২০টি কার্ডে রাখা মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত পলাতক আসামি ইয়াবার চালানটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী উখিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদকের বড় চালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।


