মোস্তাফিজুর রহমান কয়রা প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রতিবন্ধী ব্যক্তি এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে খুলনার কয়রায় একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে এবং ডিআইডিআরআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় ‘প্রতিবন্ধীত্ব অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ (সিআরএ) এবং ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা (আরআরএপি)’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ। কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আব্দুল আহাদ, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভূতি ভূষণ রায়, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, মাওলানা মাসুদুর রহমান, প্রতিবন্ধীদের প্রতিনিধি আবু মুছা ও শরিফুল ইসলাম মিল্টনসহ অনেকে বক্তব্য দেন।
কর্মশালায় মহারাজপুর ইউনিয়নে পরিচালিত দুর্যোগ ঝুঁকি নিরূপণের হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়। কারিতাসের ডিআইও ফাতেমা খাতুন ও রোমিও বিশ্বাস মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন। এছাড়া সেফগার্ডিং পলিসি ও আইসিএফআরএম মেকানিজম বিষয়ে আলোচনা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. রাসেল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তি ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই তাদের চাহিদা, অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। তারা কয়রার মহারাজপুর ইউনিয়নের প্রতাপস্মরণী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ড্রাম সেতু নির্মাণ, মহারাজপুর-দশালিয়া এবং দেয়াড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক উন্নয়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে উপকূলীয় অঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে।
কর্মশালাটি পরিচালনা করেন কারিতাসের ডিআইডিআরআর প্রকল্প কর্মকর্তা মো. হাসিবুল হোসেন টুটুল। সহযোগিতা করেন শিমসন রোমিও বিশ্বাস ও অনিক ত্রিপুরা।


