মোঃ রেজাউল আজিম,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১৫০ পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাঁশখালা গ্রাম বিদ্যাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা দেওয়া হয়। কুমিল্লার লাকসাম উপজেলার কৃতী সন্তান, পবিত্র মক্কা নগরীর ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মিজানুর রহমান সুমনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও দুর্ভোগ লাঘবে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায়ী মো. ইসমাইল সওদাগর ও মন্নান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করে।
তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আলহাজ্ব মিজানুর রহমান সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সমাজের অন্যান্য বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।


