মোহাম্মদ রেজাউল আজিম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল ইসলাম নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা না পাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসাধীন অবস্থাতেই শিশুটির মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত আয়াতুল ইসলাম বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহাদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর শনিবার রাত ৮টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে দাবি করেন তারা। তবে রোববার দুপুরে ইনজেকশন দেওয়ার পর হঠাৎ শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
তাদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুমিনুল হক বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুর মৃত্যুর পর উত্তেজিত স্বজনরা চিকিৎসক ও নার্সদের সঙ্গে হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনা নিয়ে উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


