মোঃ রাব্বী হোসাইন
ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
গতো রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিন দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে মামলার তদন্তে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে। এতে তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
দুদকের অভিযোগ, ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।
আবেদনে আরও বলা হয়, সরকারি দায়িত্ব পালনের সময় ছলিম উদ্দিন তরফদার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তার ও আর্থিক সহায়তা করেছেন।
এ ঘটনায় ২০২৫ সালের ১৬ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।


