ওসমান গনি বাবু
লালমনিরহাট প্রতিনিধি
বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি মহাসড়ক চার লেনে উন্নীত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ও আলোচনায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টদের মতে, বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি মহাসড়ক চার লেনে উন্নীত করা হলে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশেষ করে লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোর সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।
পাশাপাশি এ সড়ককে চার লেনে উন্নীত করা হলে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও বাণিজ্যিক সম্ভাবনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন এলাকাবাসীর প্রত্যাশা, সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের সড়ক যোগাযোগের দুর্ভোগ লাঘব হবে।


