মোঃ হেলাল উদ্দীন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় নৌযান শুমারি কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকাল ৯ টার সময় গলাচিপা সরকারি কলেজে মোঃ মাসুদ গলাচিপা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সাইফ ভারপ্রাপ্ত গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হুসাইন ভারপ্রাপ্ত উপ-পরিচালক পটুয়াখালী জেলা পরিসংখ্যান অফিস। প্রশিক্ষণে শুমারি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষণে নৌযানের সঠিক তথ্য সংগ্রহ, নৌযানের ধরন ও সংখ্যা নির্ধারণ, মালিকানা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধকরণ এবং শুমারি কার্যক্রমের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময় কীভাবে নির্ভুলতা বজায় রাখতে হবে, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষকরা বলেন, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌপথে চলাচলকারী নৌযানের হালনাগাদ ও সঠিক তথ্য পাওয়া সম্ভব হবে। ভবিষ্যতে নৌপথের উন্নয়ন, নৌযান ব্যবস্থাপনা ও নিরাপদ নৌ চলাচলের পরিকল্পনা গ্রহণে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মনোযোগের সঙ্গে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্টরা মাঠপর্যায়ে নৌযান শুমারি কার্যক্রমে অংশ নিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ করবেন বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নৌযান শুমারি কার্যক্রম সফল করতে প্রশিক্ষণপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি স্থানীয় নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে


