মোঃ ওসমান গনি বাবু
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় অ্যাপকরিস সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় অভিযানটি পরিচালনা করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ঝাউরানী বিওপির একটি টহলদল।
বিজিবি জানায়, সীমান্তে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। পরে তল্লাশি চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


