আবছার খান জয় টেকনাফ উপজেলা প্রতিনিধি :::
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ডের পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে দুটি কাঠের বোটও জব্দ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এর ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী পৃথকভাবে টেকনাফ থানাধীন জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে দুটি কাঠের বোট বিচিং করে পালিয়ে যায়।
পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক পাচারের সঙ্গে জড়িত কারবারি ও তাদের সহযোগীদের শনাক্ত এবং আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়া থানাধীন পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের অপর একটি বিশেষ অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সব আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


