মোকলেচুর রহমান দাকোপ, (খুলনা) প্রতিনিধি:
১লা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মশাবাহিত রোগ প্রতিরোধ ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালনা পৌরসভায় একটি বর্ণাঢ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। চালনা পৌরসভার আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অভিযানে প্রধান অতিথি ও নেতৃত্বদানকারী হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌর প্রশাসক ও দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সচিব মো. সিরাজুল ইসলাম, শিক্ষক বিকাশ চন্দ্র বাবু এবং পৌর প্রকৌশলী রতন কুমার রায়। এছাড়াও চালনা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল স্থান পরিষ্কার করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস করতে ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি জলাবদ্ধ স্থানগুলোতে ওষুধ ছিটানো হয়। এ সময় পৌর প্রশাসক মো. বোরহান উদ্দিন মিঠু নিজ হাতে মশা নিধনের যন্ত্রংশ নিয়ে উদ্বোধন করেন। সেই সাথে সাধারণ মানুষকে মশাবাহিত রোগ থেকে বাঁচতে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। চালনা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক বার্তা সকলের কাছে পৌছান।


